॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব খলিল উল্লা মিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ-পরিচালক আলহাজ্ব শামছুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ, দাতা সদস্য হাফেজ আব্দুর রহমান, সদস্য মাইন উদ্দিনসহ আরও অনেকে।

অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসার শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে বিগত এক সপ্তাহ আগে থেকে শুরু হওয়া মোট ৫০টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৫টি করে মোট ১০টি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৫৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১০ সালে ১২০ শতক জমির ওপর প্রতিষ্ঠিত সবুজ ছায়াঘেরা এ মাদ্রাসায় বর্তমানে শিশু জামাত থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৯৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানটি সমাজে শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল