আন্তর্জাতিক

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, স্থগিত আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর

আন্তর্জাতিক ডেস্ক • ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সংগৃহীত

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে সফরকালে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

নির্ধারিত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল।

তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে এই সফরের প্রস্তুতি। দেশটির জোট সরকারের অন্যতম শরিক দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) মতপার্থক্যের জেরে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এতে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সরকার রাজনৈতিক চাপে পড়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সফর স্থগিতের বিষয়ে গত শুক্রবার মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, সফরের নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত জুন মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। এবার আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা থাকলেও আপাতত তা পিছিয়ে গেল।

পূর্ণ সংস্করণে পড়ুন