শিক্ষার পরিবেশ উন্নয়নে ১০ লাখ টাকার সামগ্রী দিলেন এমপি শাহজাহান
মোঃ রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচরে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে ১০ লাখ টাকা মূল্যের ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতরণ করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম।
আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা নুর নবী, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু এবং সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, ভলিবল নেট, ব্যাডমিন্টন র্যাকেট, ফেদার, ক্রিকেট ব্যাট, স্টাম্প, ক্রিকেট বল ও দাবা বোর্ড।
এ ছাড়া ১৫টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় লাখ টাকা ব্যয়ে ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। পাশাপাশি এক লাখ টাকা ব্যয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার, হিয়ারিং এইড, ওষুধ ও ক্রাচসহ প্রয়োজনীয় সহায়ক সামগ্রী দেওয়া হয়। এই উপকরণগুলো পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছে।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ শাহজাহান, এমপি বলেন 'শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ উন্নত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে।'