রাজনীতি

১৫ বছরের নেতৃত্বের ইতি, উল্লাপাড়া জামায়াতের নতুন আমির নজরুল ইসলাম

মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি • ২৮ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অধ্যাপক শাহজাহান আলী

মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি


দীর্ঘ দেড় দশকের সাংগঠনিক নেতৃত্বের অবসান ঘটল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীতে। টানা ১৫ বছর উপজেলা আমিরের দায়িত্ব পালনের পর বিদায় নিয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ড. মাওলানা নজরুল ইসলাম।

রুকনদের গোপন ভোটে নির্বাচিত হয়ে তিনি ২০২৭-২০২৮ মেয়াদে আগামী দুই বছর উপজেলা জামায়াতের নেতৃত্ব দেবেন। দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ১৫ বছর উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী। এর আগে ২০১০ সালে তিনি সংগঠনটির উপজেলা সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ এই সময়ে নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দলীয় সূত্রের দাবি, রাজনৈতিক জীবনে মামলা, নির্যাতন ও কারাবরণের মতো পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় দায়িত্ব পালন করে গেছেন।

অধ্যাপক শাহজাহান আলী শুধু দলীয় নেতৃত্বেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নতুন আমির ড. মাওলানা নজরুল ইসলাম উল্লাপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। সংগঠনের নির্ধারিত প্রক্রিয়ায় উপজেলা জামায়াতের রুকনদের গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে তিনি নতুন উপজেলা আমির নির্বাচিত হন।

দীর্ঘ ১৫ বছর পর নেতৃত্বের এই পরিবর্তনকে ঘিরে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। একদিকে দীর্ঘদিনের দায়িত্ব শেষে অধ্যাপক শাহজাহান আলীর বিদায়, অন্যদিকে নতুন নেতৃত্বে ড. মাওলানা নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণ—দলটির আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ বিষয়ে উপজেলা জামায়েতে আমির অধ্যাপক শাহজাহান আলী দৈনিক যমুনা কথা কে জানান, বলেন সংগঠন দিয়ে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমি একমত। 

পূর্ণ সংস্করণে পড়ুন