চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার, মোট গ্রেফতার ১৪
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মাহমুদ ইয়াসিন,
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. রুমান বেপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।
আজ শনিবার (২ আগস্ট ২০২৫) আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি চৌকস দল।
উল্লেখ্য, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহত সোহাগের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ কর্তৃক ১০ জন এবং র্যাব কর্তৃক ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে এই দুইজনকে গ্রেফতারের মাধ্যমে সোহাগ হত্যা মামলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে নয় জন ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :