শ্যামলীতে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, চক্রের চার সদস্য গ্রেফতার
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মাহমুদ ইয়াসিন,
বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীতে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাবার খাইয়ে এক অটোরিকশা চালককে অচেতন করে তার গাড়ি চুরি করার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জহিরুল (২২), আলমগীর (৩২), মেহেদী (২১) এবং ইয়ামিন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৫ তারিখে ভুক্তভোগী অটোরিকশা চালক মো. সজিবুল ইসলাম রাসেল (২২) তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ছিলেন। বিকেল ৩টার দিকে দুই ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করে। তারা প্রথমে শের-ই-বাংলা নগর এলাকার জাতীয় পঙ্গু হাসপাতালে যায় এবং পরে মোহাম্মদপুরের শ্যামলী এলাকার খিলজি রোডে পৌঁছায়। সেখানে আরও দুজন তাদের সঙ্গে যোগ দেয়।
চক্রের সদস্যরা কৌশলে রাসেলকে একটি বেকারি থেকে রসমালাই খেতে দেয়। সেই রসমালাইয়ে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। রসমালাই খাওয়ার পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রাসেল অচেতন হয়ে পড়েন। তখন চোরেরা তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
অচেতন অবস্থায় রাসেলকে একজন অজ্ঞাতনামা রিকশা চালক তার মিরপুর-১০ এর বাসায় পৌঁছে দেন। গত ৬ আগস্ট ২০২৫ তারিখে রাত ৮টার দিকে তার জ্ঞান ফেরে। এরপর তিনি মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে অভিযান চালায়। আদাবর থানা পুলিশের সহায়তায় এই অভিযান চলাকালে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :