ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
নিজেকে গর্ভবতী বলে দাবি করেও শেষরক্ষা হলো না। বিজিবির চৌকস সদস্যদের তীক্ষ্ণ নজর এড়াতে পারেননি এক তরুণী। নিয়মিত তল্লাশির সময় ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।
ব্রাহ্মণবাড়িয়ার একটি বিজিবি চেকপোস্ট দিয়ে ব্যাগ কাঁধে হেঁটে যাচ্ছিলেন ওই নারী। কর্তব্যরত সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি জানান, তিনি গর্ভবতী—তাই যেন তাকে তল্লাশি না করা হয়। কিন্তু সন্দেহ দূর না হওয়ায় নারী সদস্য দিয়ে তল্লাশি চালানো হয়।
এরপরই বেরিয়ে আসে আসল রহস্য। পেটে সন্তানের বদলে স্কচটেপ দিয়ে শক্ত করে বাঁধা ছিল বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট! অভিনব এই কৌশলে নিজেকে গর্ভবতী দেখানোর চেষ্টা করেছিলেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে মাদক পাচারে নারীদের ব্যবহার বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে শরীরের সংবেদনশীল স্থানে মাদক লুকিয়ে আনা হয়, যা তল্লাশির ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।
তবে বিজিবির সতর্কতা ও পেশাদারিত্বের কারণে এবারও ব্যর্থ হলো মাদক পাচারের এই অভিনব চেষ্টা। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :