সুন্দরবনে বনদস্যু ‘আল-আমিন বাহিনী’র হানা: মোংলার জেলে অপহৃত, ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিবেদক।।


সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে মাছ ও কাঁকড়া ধরার সময় এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত ১৬ মার্চ রাত ১০টার দিকে ‘আল-আমিন বাহিনী’ পরিচয় দিয়ে বনের একটি খাল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত জেলের নাম মিজান শেখ (৪০)। তিনি মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে।

বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়ে গত ১৪ মার্চ মিজান শেখ ও তার চাচাতো ভাই আল-আমিন শেখ সুন্দরবনে প্রবেশ করেন। মিজান শেখের সাথে থাকা প্রত্যক্ষদর্শী আল-আমিন শেখ জানান, বনের একটি খালে অবস্থানকালে হঠাৎ বনদস্যু আল-আমিন বাহিনী তাদের ঘিরে ফেলে। দস্যুরা মিজানকে তাদের নৌকায় তুলে নেয় এবং আল-আমিন শেখকে ছেড়ে দেয়। মুক্তিপণের খবর বাড়িতে পৌঁছে দেওয়ার শর্তে তাকে একটি নৌকা দিয়ে লোকালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

মুক্তিপণ ও পরিবারের আর্তি অপহৃত মিজানের পরিবার জানায়, বনদস্যুরা তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। মিজানের বড় ভাই হুমায়ুন শেখ (৫৫) বলেন:

"আমার ভাই ঋণ করে দাদন নিয়ে বনে গিয়েছিল। এখন একদিকে বনের আয় নেই, অন্যদিকে ভাইকে ছাড়াতে মোটা অঙ্কের টাকা চাইছে দস্যুরা। আমরা অত্যন্ত গরিব মানুষ, এখন কী করব ভেবে পাচ্ছি না।"

এই ঘটনায় মিজানের বড় ভাই হুমায়ুন শেখ মোংলা থানায় বনদস্যু আল-আমিন বাহিনীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে মোংলা থানার ডিউটি অফিসার (এএসআই মহরম) জানান, তার কাছে এখনো অভিযোগের কপি এসে পৌঁছায়নি। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে কি না, তা তিনি খোঁজ নিয়ে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

সুন্দরবনে দীর্ঘ সময় বনদস্যু মুক্ত থাকার পর আবারও এমন অপহরণের ঘটনায় স্থানীয় জেলে ও তাদের পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ