সাঁথিয়ায় দুদক কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন, জমি দখল-চাঁদাবাজির অভিযোগ
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
অভিযুক্ত আবুল হাসনাত স্থানীয় অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। তিনি বর্তমানে দুদকের পরিচালক হিসেবে কর্মরত এবং পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতিপ্রাপ্ত বলে জানা গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছেন আবুল হাসনাত ও তার সহযোগীরা। তাদের দাবি, গত ১৭ বছরে ভয়ে অনেক বিরোধী মতের মানুষ এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়েছে এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হাসনাত। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি মারামারির ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতেই হয়তো মানববন্ধন করা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং বৈধ কাগজপত্র অনুযায়ী জমির মালিকানা নির্ধারণ হবে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।
আপনার মতামত লিখুন :