মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা লগ্নে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান ও চরজব্বর থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে চরজব্বর থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট, চরজব্বর ডিগ্রি কলেজ, উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট, ছমিরহাট গার্লস স্কুল, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডা. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোকাররম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রুবেল মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও উপজেলা হলরুমে স্বাধীনতা দিবসের ওপর আলোচনা সভা, শহীদদের কল্যাণ কামনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ বিকেল তিনটার দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :