নেশার টাকা না পেয়ে চরম পরিণতি—এনায়েতপুরে যুবকের আত্মহত্যা, প্রশ্নের মুখে মাদক নিয়ন্ত্রণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। 


সিরাজগঞ্জের এনায়েতপুরে আবারও মাদকাসক্তির ভয়াবহতা সামনে এসেছে। নেশার টাকার জন্য অভিমান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে দৌলতপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত শামীম শেখ (২১) স্থানীয় আব্দুল কাদের শেখের ছেলে। পারিবারিক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে সে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিল। শারীরিকভাবে প্রতিবন্ধী এই যুবক সরকারি ভাতা পেলেও সেই অর্থ নেশার পেছনেই ব্যয় করত বলে জানা গেছে।


স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে শামীম তার খালার কাছে নেশার টাকা দাবি করে। টাকা না পেয়ে ক্ষোভ ও অভিমানে নিজের ঘরের ভেতরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে তার খালা রাবেয়া খাতুন খাবারের জন্য ডাকতে গিয়ে দরজা বন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও, স্থানীয়দের দাবি—এটি শুধু একটি পারিবারিক ঘটনা নয়, বরং মাদক নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার ফল। ডেন্ডি আঠাসহ নেশাজাতীয় দ্রব্য সহজলভ্য হওয়ায় তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।


এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল বলছে, এখনই কঠোর পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও বাড়বে। তারা দ্রুত মাদকবিরোধী অভিযান জোরদার এবং তরুণদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ