
॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
[dropcap] জ [/dropcap] লবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিয়াবাড়ী এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াবাড়ী আদর্শ যুব ক্রীড়া সংঘের উদ্যোগে শতাধিক বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গাজী আনিছুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য মো. আরিফুর ইসলাম, সভাপতি সাব্বির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোছা. রুখসানা বেগম, সহ-সাধারণ সম্পাদক সম্রাট শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নিয়ে সবুজায়নের এই উদ্যোগকে স্বাগত জানান।
আলোচনায় বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আয়োজকরা জানান, তরুণ সমাজকে সম্পৃক্ত করে আগামী দিনেও এ ধরনের পরিবেশবান্ধব ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।