মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিবেদক।।
বাগেরহাটের মোংলায় লাইসেন্সবিহীন ব্যবসা ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এক মোটরসাইকেল চালককেও জরিমানা করা হয়। সব মিলিয়ে ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার পৌর শহরের বাগেরহাট জেটি এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন কলেজ রোড এলাকায় আরেকটি দোকানিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। তিনি জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধ করে ভোক্তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।