আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ।।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক বাস দুর্ঘটনার পর নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিম উল্লাহ। তিনি জানিয়েছেন, এখন থেকে যাত্রীবাহী কোনো বাস ফেরিতে ওঠার আগে সকল যাত্রীকে নামিয়ে দিতে হবে; শুধুমাত্র চালক গাড়ি নিয়ে ফেরিতে উঠবেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।
চেয়ারম্যান বলেন, “যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঘাটের প্রতিটি পন্টুনে নতুন করে রেলিং সংযোজন করা হবে।”
দুর্ঘটনায় কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।