মোঃ নাঈম উদ্দিন সিরাজী, শাহজাদপুর প্রতিনিধি।।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে ছাত্র অধিকার পরিষদ।
সাবেক ভিপি নুরুল হক নূর-এর নেতৃত্বে গড়ে ওঠা গণঅধিকার পরিষদ-এর সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি তথ্য সহায়তা কেন্দ্র।

এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, কেন্দ্রের অবস্থান, সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তাও প্রদান করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, সাবেক ভিপি নুরুল হক নূরের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সেই দায়িত্ববোধেরই অংশ।
পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। তারা মনে করছেন, এমন উদ্যোগ ভোগান্তি কমিয়ে ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ করে তুলছে।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে এই তথ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।