মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি ও ভোজ্য তেলের গোডাউনে অভিযান চালিয়েছে র্যাব ও উপজেলা প্রশাসন। এনএসআই- (জাতীয় গোয়েন্ধা সংস্থা) এর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ এবং বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়। এসব তেলের অবৈধ মজুদ ও সঠিক মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) বিকেলে মোংলা পৌর শহর এলাকায় র্যাব-৬ এবং উপজেলা প্রশাসন এই যৌথ অভিযান।
অভিযান চলাকালীন বিভিন্ন ধরণের তেল মজুদকারী ‘ইউছুফের তেলের গোডাউন’ থেকে অবৈধভাবে মজুদ করা এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এরপর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়। এসময় সোভা স্টোর নামের এই প্রতিষ্ঠান থেকে ৭৫ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়। পরে মেসার্স জালাল স্টোর থেকে ১৩৫ ব্যারেল ভোজ্য তেল পাওয়া যায়।

এসব প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা না থাকায় এবং সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ তেল মজুদ রাখায় পেট্রোলিয়াম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করেন এবং মজুদ করা তেল দ্রুত বাজারে ছাড়ার নির্দেশ দেন।
র্যাব ও উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র অবৈধভাবে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। এনএসআই-এর নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান সফল হয়েছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরণের কঠোর ব্যবস্থা নিলে অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুদে নিরুৎসাহিত হবে।