মীর মোশারফ হোসেন বাবু জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূচনা হয়ে দ্রুতই পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাজার এলাকাকে গ্রাস করে ফেলে।
রাত সোয়া ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে বাজারের প্রায় ২০ থেকে ২৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী তাদের দোকানে থাকা মালামাল বের করার সুযোগ পায়নি, ফলে ব্যবসাহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো ধারণা করা সম্ভব না হলেও, তা কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাৎক্ষণিকভাবে চান্দিনা ফায়ার সার্ভিস টিম কে অবগত করলে দ্রুত চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ীদের সবকিছু পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গেছেন দোল্লাই নবাবপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ীরা।