পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়া উপজেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল এবং এমও (ডিসি) ডা. সজীব সরকার। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। এসব রোগ প্রতিরোধে এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট প্রায় ৪৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্র, ইপিআই কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভিভাবকদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিচ্ছে সাঁথিয়া উপজেলা রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা। দলনেতা মোঃ মিঠুন শেখের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও সর্বজনীন টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে এসব রোগ নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যাবে।