সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার সংলগ্ন একটি সরকারি প্রকল্প এলাকার পাশে তাকে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটককৃত আকাশ মাহমুদ বাপ্পি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচিত। তিনি যোবায়ের বাজার এলাকার জাকের নেতার ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করার চেষ্টা করলে, তার এক আত্মীয় সালিশি বৈঠকের কথা বলে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রায় ১২ মিনিটের মোবাইল কথোপকথনের অডিও ফাঁস হওয়ার দাবি করেছেন স্থানীয়রা। ওই অডিওতে সংশ্লিষ্ট দুইজনের কথোপকথনে তাদের সম্পর্ক ও ঘটনাকে ঘিরে উদ্বেগ এবং পরবর্তী সমাধান নিয়ে আলোচনা করার ইঙ্গিত পাওয়া যায় বলে জানা গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বাপ্পি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। এর মধ্যে অটোস্ট্যান্ড দখল, চাঁদাবাজি, মাদক, জুয়া ও নারী সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন বলেন, "আকাশ মাহমুদ বাপ্পি বর্তমান কমিটিতে নেই। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এসব ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।