মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে দুই অটোরিকশাচালক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানার ভূইয়াগাঁতী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
নিহত ভ্যানচালক জাহের আকন্দের হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, জাহের আকন্দ একজন নিরীহ ভ্যানচালক ছিলেন। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব আলী মণ্ডল, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী আকন্দ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হেলাল উদ্দিন এবং যুবদল নেতা আলাউদ্দিন শেখ প্রমুখ।
বক্তারা আরও বলেন, যখন তাঁরা জাহের আকন্দ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করছিলেন, ঠিক সেই সময় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে নাঈম শেখ নামের আরেক অটো রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। অল্প সময়ের ব্যবধানে এমন দুটি হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক উৎকন্ঠা বিরাজ করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাগুলোর তদন্ত কার্যক্রম চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।