আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজার সংলগ্ন সাগর পাড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতা ইব্রাহিমের অনুসারীদের সঙ্গে অপর বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি, মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে।
চোখের পলকে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আনোয়ার হোসেন মেম্বারকে প্রতিপক্ষের লোকজন ঘিরে ফেলে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নলচিরা নৌঘাট এলাকা থেকে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।” গ্রেফতারকৃতরা হলেন— মিরাজ উদ্দিন (৫৫), আবুল হোসেন (৩৭) ও মোঃ ইলিয়াস (৩৬)।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে নিঝুম দ্বীপ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।