নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (GRDRRIB)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে আশাশুনি মডেল মসজিদ হল রুমে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রোজেক্ট অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উপকূলীয় এলাকা হিসেবে আশাশুনি অত্যন্ত দুর্যোগপ্রবণ। যেকোনো দুর্যোগে নারীরাই সবচেয়ে বেশি প্রতিকূলতার সম্মুখীন হন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব অপরিহার্য। এই প্রকল্পটি দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে নারীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার কানিজ শাইমা। তিনি প্রকল্পের মূল কাঠামো ও মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।
উপস্থাপনায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা প্রণয়নই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশেষ করে গ্রামীণ নারীদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রুমা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মো. আবু দাউদ ঢালী।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি ও উন্নয়ন-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় প্রকল্পের সফলতা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন প্রকল্পটি বাস্তবায়ন করছে।