আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। চারু ও কারুকলা, আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষার কথা বলে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা করে নেওয়া হয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী পরীক্ষার বিভিন্ন খরচের কথা উল্লেখ করে এই টাকা আদায় করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি'র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের বৈধতা কতটুকু।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী সরকার বলেন, স্কুলে পরীক্ষা নেওয়ার সময় কিছু খরচ হয়। সেই বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, টাকা নেয়ার নিয়ম আছে কিনা আমি জেনে আপনাকে জানাবো।
তবে এ ধরনের অর্থ আদায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।