মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
“সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” এই দর্শনকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রেস ব্রিফিং করেছেন মিজ্ কাউসার আজিজ। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, “We Have a Plan” এর আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস এবং কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।
তিনি জানান, “ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে ডিজিটাল সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হবে। পরিবারের নারী প্রধানের নামে এ কার্ড দেওয়া হবে। প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা জেলায় মোট ৩৩টি খাল খননের পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে ৪টির কাজ সম্পন্ন হয়েছে এবং ২৫টির কাজ চলমান রয়েছে।
“সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ” স্লোগানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে রাজধানী ঢাকায় নারী পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনার তথ্যও জানানো হয়। পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের এ সেবায় চালকসহ সার্বিক ব্যবস্থাপনায় নারীরাই দায়িত্ব পালন করবেন।
অপরদিকে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সুফলা বাংলাদেশ” প্রতিপাদ্যে কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষকদের ভর্তুকি, সহজশর্তে ঋণ, কৃষি প্রশিক্ষণ, কৃষি বীমা ও বাজার তথ্যসহ ১০ ধরনের বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১০ জেলার ১১ উপজেলার প্রায় ২১ হাজার কৃষককে এ কার্ড প্রদান করা হবে। কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সুবিধাও পাবেন।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে সড়ক প্রচার, মাইকিং, চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, পোস্টার বিতরণ এবং অনলাইন প্রচারসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, তথ্য অফিসার জাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা: জিল্লুর রহমান, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, এস এম রেজাউল ইসলাম, গোলাম সরোয়ার, মনিরুল ইসলাম মনি, আব্দুল জলিল, মীর আবু বকর, মীর মোস্তফা আলী, শাহজাহান আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন