মোহ রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে বৃহস্পতিবার (১৪ মে) দাখিল পরীক্ষা কেন্দ্রে দুই মাদ্রাসার কিছু শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার কিছু পরীক্ষার্থীর সাথে আল আমিন বাজার দাখিল মাদ্রাসার কয়েকজন পরীক্ষার্থীর মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির জেরে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
একাধিক শিক্ষার্থী জানিয়েছে, পরীক্ষা দিতে আসা আল আমিন বাজার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা হামলা চালায়। এ সংঘর্ষ হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় রক্তাক্ত একজন শিক্ষার্থীকে তার সহপাঠীরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানা যায়, বিষয়টি মীমাংসা করার জন্য জন্য আজ সন্ধ্যার পর চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসায় একটি বিচার সংঘটিত হয়। তাতে অপরাধীদের শাস্তি প্রদান সহ আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যায়ভার হামলাকারীদের উপর ন্যস্ত করা হয়।
এ ঘটনায় সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের আগ্রাসী আচরণ ও সহিংসতা নৈতিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ। বিশেষ করে দাখিল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা শিক্ষাঙ্গনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন করছে।
সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সহনশীল মনোভাব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।