মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে খালের পাড়ের মাটি কাটার ক্ষতিকর দিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় ফরহাদ হোসেন (২৮) নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি চরজব্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জিল্লার খাল পাড়ের মাটি বেগু মেশিনের মাধ্যমে কেটে মানিক নামে একটি চক্র নিয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান ফরহাদ হোসেন। মূলত খালপাড়ের মাটি কাটার কারণে পাশের কাঁচা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে এবং বৃষ্টির কারণে রাস্তা অধিক কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থায় জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেই তিনি প্রতিবাদ করেন।
ফরহাদ হোসেন বলেন, তিনি ফেসবুকে প্রতিবাদমূলক পোস্ট দেওয়ার পর সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে অভিযুক্ত মানিকসহ কয়েকজন ব্যক্তি তার বাড়িতে গিয়ে পোস্টটি সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভবিষ্যতে এ ধরনের পোস্ট করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন একজন ভদ্র ও সচেতন যুবক। তিনি একটি কৃষিভিত্তিক কোম্পানিতে চাকরি করেন এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। অন্যদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত মানিক আওয়ামী লীগের দোসর এবং সেই সময় থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জেলও খেটেছে।
এ ব্যাপারে অভিযুক্ত মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুধুমাত্র ভিডিও কেন করছে এটা জিজ্ঞাসাবাদ করেছি হত্যার হুমকি দেইনি। সরকারি খাস জায়গার মাটি কাটা অপরাধের কথা বললে তিনি সাফ জানিয়ে দেন, সবাই খালের মাটি কাটে তাই আমিও কাটি। তবে তার বিগত দিনের অপরাধের কারণে তিনি শাস্তি পেয়েছেন সেটা স্বীকার করেন।
এ বিষয়ে চরজব্বর থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।