পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আর নেই। লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ১৮ মে (সোমবার) রাত দশটায় ঢাকার মহাখালী গ্যাষ্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
তিনি পাবনা শহরের গোবিন্দা মহল্লার পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের পাশে পুকুরপাড় সংলগ্ন বাসিন্দা মরহুম আব্দুর রহমানের ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৩ ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী ও বিনয়ী ছাত্রনেতা হিসেবে সকলের কাছে প্রিয়ভাজন ছিলেন মামুন। ছাত্র ছাত্রীদের সংকটে সব সময়ে পাশে দাড়িয়ে নিজের চেষ্টার সবটুকু ঢেলে দিতেন এই পরিশ্রমী ছাত্রনেতা।
দল ক্ষমতায় থাকা কালে অনেক নেতার আর্থিক অবস্থার পরিবর্তন হলেও এই ছাত্র নেতার আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসাও ঠিকমতো করাতে পারেননি। চিকিৎসার জন্য সাহায্য চেয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যা বর্তমান সময়ের ছাত্র নেতাদের অনেকের সাথে মানানসই নয়।
তার অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সকল দলের সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের মাঝে। তার এমন অকাল মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোবিন্দা মহল্লার বাসিন্দারা। রাতেই মামুনের শোকজর্জর বাড়িতে ছুটে যান তার বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধারা। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
আজ দুপুর ২টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ (টাউন হল) মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানানো হয়েছে।