মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
পারিবারিকভাবে দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মামলা, নির্যাতন ও ত্যাগ স্বীকার করেও দলীয় সুসময়ে বঞ্চনার কষ্ট প্রকাশ করেছেন নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাইন উদ্দিন।
দলের কঠিন সময়ে ত্যাগের রাজনীতি করা যুবদল নেতা মাইন উদ্দিন নিজের রাজনৈতিক জীবনের নানা নির্যাতন, ত্যাগ ও বঞ্চনার অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন ভাষায় মনের অভিব্যক্তি প্রকাশ করেন।
তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাবার আদর্শ অনুসরণ করেই তাদের পুরো পরিবার জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। ১৯৯৬ সালের নির্বাচনে তার বাবা আক্তার মিয়ার হাট প্রাইমারি স্কুল কেন্দ্রে বিএনপির এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়ে রক্তাক্ত হন। এরপরও তিনি দল ছাড়েননি।
মাইন উদ্দিন বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের পরিবারকে একের পর এক মামলা, হামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে প্রথমে ৭টি মামলা দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ১৪টি দেখানো হয়। এসব মামলায় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বহুবার শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, একসময় স্থানীয় করিম বাজার এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনার পরদিন তার স্ত্রী স্ট্রোক করে মারা যান। এত কষ্ট ও ত্যাগের পরও তারা জাতীয়তাবাদী আদর্শ থেকে কখনো সরে যাননি।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের ভেতরে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের দৌরাত্ম্যে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন পাচ্ছেন না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দলের সিনিয়র নেতাদের প্রতি প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, “আমরা সবসময় দলের জন্য ছিলাম, আছি এবং থাকব। দলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমবে না।”