মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া সুবর্ণচর মহিলা কলেজের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) উপজেলার চরক্লার্কে ইউনিয়নে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষা অনুরাগী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দল মত নির্বিশেষে উপস্থিত সবাই কলেজটির সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, ভর্তি কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
বক্তারা বলেন, সুবর্ণচরে নারী শিক্ষার ক্ষেত্রে একটি মহিলা কলেজের দীর্ঘদিনের চাহিদা ছিল। সেই প্রয়োজন পূরণে প্রতিষ্ঠিত এই কলেজ এলাকার শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুনভাবে পথচলা সুবর্ণচর কলেজের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।