মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচরে 'অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদ' এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) উপজেলার চরবাটা খাসের হাট সংলগ্ন প্রশান্তি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য কর্পোরাল (অব.) মো. হানিফের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আব্দুল মাবুদের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সার্জেন্ট (অব.) বীর মুক্তিযোদ্ধা আবুল মোবারক, সংগঠনের সহ সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. জাকির হোসেন, সংগঠনের সেক্রেটারি ও ইমিগ্রেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. ওমর ফারুক, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সহ সেক্রেটারি সার্জেন্ট (অব.) মাইন উদ্দিন শামীম, সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক হানিফ মাহমুদ, নির্বাহী সদস্য সার্জেন্ট (অব.) অর্জুন চন্দ্র নাথ, ক্যাশিয়ার সার্জেন্ট (অব.) মো. আশরাফ উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনার সময় বক্তারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, সংগঠনের চলমান কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অবসর জীবনে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে একে অপরের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত সদস্যরা তাদের সেনাজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা সহকর্মীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে সময় কাটান এবং ঈদের আনন্দ পরস্পরের মধ্যে ভাগ করে নেন।
অনুষ্ঠান শেষে সকল সদস্যের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।