এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি
সমাজে ছড়িয়ে পড়া মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের রাষ্ট্রবিরোধী নানা অপতৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নোয়াখালী জেলা বিএনপি এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলটির স্থানীয় শীর্ষ নেতারা। বক্তারা বলেন, নিষিদ্ধ কিছু সংগঠনের আড়ালে তরুণ ও কিশোরদের একটি বড় অংশ অপরাধ জগতে জড়িয়ে পড়ছে, যা সমাজে মারাত্মক অস্থিরতা তৈরি করছে। এই পরিস্থিতি রুখতে কেবল প্রশাসন নয়, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দের দাবি নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা বন্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে। একই সাথে তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো জরুরি।
প্রতিবাদ সমাবেশ ও মিছিলে জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট এবিএম জাকারিয়া যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, গোলাম হায়দার বিএসসি সাবেক সভাপতি জেলা বিএনপি, এডভোকেট আবদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি, এডভোকেট শাহাদাত হোসেন পাবলিক প্রসিকিউটর - পিপি,
ভিপি জসিম উদ্দিন সাবেক সদর উপজেলার সাধারন সম্পাদক ও জেলা বিএনপি নেতা,আবু নাছের সাবেক সভাপতি, পৌর বিএনপি প্রমুখ। সমাবেশ থেকে বলা হয় যে, মাদক ও কিশোর অপরাধের মতো সামাজিক ব্যাধিগুলো দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম এক গভীর সংকটে পড়বে।