মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের আনছার মিয়ার হাট বাজারে মাদকবিরোধী আলোচনা সভা এবং মাদকচক্রের হাতে নিহত স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৫) বাদ মাগরিব মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সংগঠক ফয়সাল ইসলাম জিসানের সঞ্চালনায় এবং হৃদয় খাল সজলের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট তরুণ সমাজসেবক তারেক মোহাম্মদ শরীয়ত উল্লাহ, চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু বকর ছিদ্দিক, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, পুরাতন সুইচগেট জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আব্দুল মান্নান, ভুইয়ার হাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু তাহের এবং সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ ইমন।
বক্তারা স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ফাহিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকচক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।