মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্লাহ ইউনিয়নের দাসের হাট সংলগ্ন জেলেপাড়ায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে একটি কাঁচা সড়ক সংস্কার করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চর আমান উল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল।
শনিবার (১৩ জুন) তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় প্রায় ৩৫০ মিটার দীর্ঘ কাঁচা সড়কে মাটি ভরাট করে উঁচু ও প্রশস্ত করার উদ্যোগ নেন। এতে আসন্ন বর্ষা মৌসুমে এলাকাবাসীর চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ঘনবসতিপূর্ণ জেলেপাড়া এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যেত এবং কাদামাটির কারণে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় পথচারীরা পিছলে পড়ে দুর্ঘটনারও শিকার হতেন। এলাকাবাসীর ভাষ্য, জেলেপাড়াটিতে বিপুল সংখ্যক জেলে পরিবার ও সনাতন ধর্মাবলম্বী মানুষের বসবাস। স্থানীয় মন্দিরে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক সংস্কারের উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এটি ইটের সলিং বা স্থায়ীভাবে উন্নয়ন করার দাবি জানান।
স্থানীয় যুবক শিপন দাস বলেন, 'এই সড়ক দিয়ে চলাচল করতে মানুষকে দীর্ঘদিন কষ্ট করতে হয়েছে। বর্ষার আগে সড়কটি সংস্কার করায় এলাকাবাসী উপকৃত হবে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ব্যাপারে এনায়েত উল্লাহ বাবুল বলেন, 'দীর্ঘ সময়েও সড়কটির উন্নয়ন হয়নি। সরকারি প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হতে সময় লাগতে পারে। বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।'
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর সদস্যরা জানান, সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীর ভোগান্তি অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।