রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপী "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। 'মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবমুখর প্রদর্শনীর আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সেসিপ (SESIP)-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)' এর সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা তাঁদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও সৃজনশীল স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও বাস্তব জীবনের নানা সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—আ স ম আবদুর রব সরকারি কলেজের প্রভাষক কানিজ ফারহানা, উপজেলা আইসিটি কর্মকর্তা বেনজির আহমেদ এবং জেলা প্রতিনিধি সুপ্রতিম কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করতে উদ্বুদ্ধ করবে, যা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রজেক্ট ও উদ্ভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।