মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।।
রাজবাড়ীর পাংশায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) পাংশা ব্র্যাক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
প্রান্তিক খামারিদের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং মাছ চাষের মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাকের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী অফিসের আওতাধীন বিভিন্ন এলাকার ২০ জন প্রান্তিক খামারিকে প্রত্যেককে ২ হাজার ৫০০টি করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক উপকারভোগীকে ২৫০ টাকা করে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রাজবাড়ী-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আজিজুর রহমান। তিনি বলেন, “মাছ চাষ গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সহজ আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। ব্র্যাকের এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের পাংশা অফিসের এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. ফয়সাল শেখ, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) রতন কুমার সাহা, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) ব্রজেন্দ্র কুমার, কালুখালী অফিসের এরিয়া ব্যবস্থাপক (দাবি) অর্জুন কুমার কুড়ি, রাজবাড়ী-২ কৃষি ও বীমার সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজ যোহরা, বাগদুলী এলাকার ব্যবস্থাপক (দাবি) সমিরন শিকদার, পাংশা অফিসের উপজেলা হিসাব ব্যবস্থাপক বরুণ কুমার বিশ্বাস এবং কালুখালী উপজেলা হিসাব ব্যবস্থাপক শেখ সাদী সোহাগসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী খামারিরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ সহায়তা তাদের মাছ চাষে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।