আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মানবিক এই উদ্যোগে চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় শতাধিক মানুষ।
বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে আসছে। এরই অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাহিনীটি।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় নোয়াখালীর হাতিয়া থানার তমরদ্দি বাজার সংলগ্ন কোস্ট গার্ড স্টেশন হাতিয়ায় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ২৬৫ জন অসহায়, গরিব, দুঃস্থ নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসাসেবা পেয়ে উপকূলীয় এলাকার সাধারণ মানুষ কোস্ট গার্ডের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, জনকল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট মো. আবুল কাশেম, মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।