শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বুক চিরে বয়ে চলা উনমত্তা যমুনা। এই যমুনা নদী কখনো মানুষকে কাঁদায়, কখনো আশায় মানুষের বুক ভাসায়, আবার এই যমুনা নদী কখনো মানুষকে করেছে ঘরছাড়া। এই ভাঙ্গা গড়ার মাঝেও মানুষ যমুনা নদী কে নিয়ে স্বপ্ন দেখে, নতুন করে বাঁচার আশায় মনোবল দৃঢ় করে।
এখন বর্ষা মৌসুম। উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। পানির তীব্র স্রোতে ভেসে যাচ্ছে যমুনা নদীর নিকটবর্তী ঘরবাড়ি। তীব্র ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি বস্তা ফেলে দিচ্ছে স্রোতের মুখে। ছেলেরা আনন্দ চিত্তে নতুন মাছ ধরতে ব্যস্ত ছোট ছোট ডিঙ্গি নৌকায়। প্রান্তিক জনপদের চর এলাকার মানুষ এখন কম খরচে মালামাল পরিবহনে যমুনা নদী ব্যবহার করছেন ।
প্রতিদিন ভোরবেলা দেখা যায়, প্রান্তিক জেলেদের জালে ধরা পড়েছে ছোট বড় মাঝারি সকল ধরনের নতুন নতুন মাছ। এই মাছ বিক্রি করে তাদের সংসারের জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন বিকেলে যমুনার পাড়ে পানির গর্জন শুনতে ছুটে আসেন ভ্রমণ পিপাসু নানা বয়সের মানুষ।
এখানে এসে কিছুটা হলেও কক্সবাজার সমুদ্র সৈকতের মতো আনন্দ উপভোগ করেন অনেকেই। প্রতিদিন সকালে ভোরবেলা প্রাতঃ ভ্রমণ করতে আসেন অনেক স্বাস্থ্য সচেতন মানুষ। সিরাজগঞ্জ জেলার কোল ঘেঁষে বয়ে চলা উন্মত্তা যমুনা নদীর ছোঁয়া পেয়ে ধন্য সিরাজগঞ্জবাসি।