মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ রতনের উদ্যোগে মোট ১০৫ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণ করা হয়।
এ সময় প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ রতন বলেন, “তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থী দুপুরে টিফিন করার সময় খাবার সংরক্ষণ ও বহনে সমস্যায় পড়ে। এতে তাদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটে। শিক্ষার্থীদের সেই কষ্টের কথা বিবেচনা করেই তাদের মাঝে টিফিন বাটি বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা যাতে বই, খাতা ও কলম সহজে বহন করতে পারে, সে লক্ষ্যে তাদের উপহার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার সম্পূর্ণটাই শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।”
স্কুল ব্যাগ ও টিফিন বাটি বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়মুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।