আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টার নিউজের সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুনকে মারধর এবং পরবর্তীতে তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দুপুরে পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত হন। সভা চলাকালে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিজেদের পছন্দের ব্যক্তিদের সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করার লক্ষ্যে একটি পক্ষ চাপ প্রয়োগ করে। এ সময় সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুন স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় কমিটি গঠনের পক্ষে মত দিলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সাংবাদিক মামুনকে মারধর করা হলে স্থানীয় গ্রামবাসী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে বাড়িতে পৌঁছে দেন। তবে অভিযোগ রয়েছে, সেখানেই ঘটনার সমাপ্তি হয়নি। পরবর্তীতে শফিকুল ইসলাম ঠান্ডুর নেতৃত্বে একদল লোক সাংবাদিকের বাড়িতে গিয়ে হামলা চালায় এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
ঘটনার সময় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের মাঝেও চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেকেই ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়দের ভাষ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনকে কেন্দ্র করে এমন সহিংসতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুন বলেন, “আমি শুধু নিয়ম অনুযায়ী কমিটি গঠনের কথা বলেছিলাম। এর জের ধরে আমার ওপর হামলা চালানো হয়। পরে আমার বাড়িতেও হামলা করা হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযোগকারী। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।