মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রথমবারের মতো দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার রেইজ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ জব ফেয়ারে প্রায় ১৬টি কোম্পানি ও প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশগ্রহণ করে। এতে প্রায় এক হাজার চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। পাশাপাশি অনেক চাকরিপ্রার্থী তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নিয়ে সরাসরি চাকরির সুযোগও পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোনায়েম খান। প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ বিভিন্ন কোম্পানির অনেক কর্মকর্তাবৃন্দ।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কবি ও সাংবাদিক হানিফ মাহমুদের সঞ্চালনায় বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরিপ্রার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা, নিয়োগ প্রক্রিয়া, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান। আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।