মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ে "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপপরিচালক (মাইক্রোফাইন্যান্স) আলহাজ মো. শামছুল হক এবং চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ আহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মোনায়েম খান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে অংশ নেন। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।