এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬।
শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে মাদকের ভয়াবহতা এবং এর কুফল সম্পর্কে সচেতনতামূলক বার্তা ফুটিয়ে তোলা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর ভূমিকার পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার সুভ, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এবং একটি সুস্থ সমাজ গঠনে বক্তারা কঠোর সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।