মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা হিসেবে ৬০০ জন কৃষকের মাঝে পাঁচটি করে মোট ৩ হাজারটি নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে প্রয়োজনীয় খুঁটি ও সারও প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সুবর্ণচর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সার্বিক তত্ত্বাবধানে কৃষকদের মাঝে চারা, খুঁটি ও সার বিতরণ করা হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ নারকেল চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, সরকার কৃষকদের শুধু ফসল উৎপাদনেই নয়, দীর্ঘমেয়াদি অর্থকরী ফলদ গাছ রোপণেও উৎসাহিত করছে। নারকেল এ অঞ্চলের একটি সম্ভাবনাময় অর্থকরী ফল। প্রতিটি কৃষক নিজ বাড়ির আঙিনা ও পতিত জায়গায় এসব চারা রোপণ করে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে অতিরিক্ত আয় করতে পারবেন। তিনি বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের মাঝে উন্নতমানের ফলদ গাছের চারা, প্রয়োজনীয় খুঁটি ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে। চারা পেয়ে কৃষকেরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সরকারের এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী।
বিনামূল্যে চারা, খুঁটি ও সার পাওয়ায় গাছ রোপণ ও পরিচর্যা করা সহজ হবে। এসব গাছ ভবিষ্যতে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও ভূমিকা রাখবে।