রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণ উন্নয়ন গ্রন্থাগারের (সিডিএল) সমন্বয়ক মরহুম নাসিম উদ্দিনের মৃত্যুতে এক আবেগঘন শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় গণ উন্নয়ন গ্রন্থাগার (সিডিএল) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শোক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং গণ উন্নয়ন গ্রন্থাগারের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সভায় মরহুম নাসিম উদ্দিনের কর্মময় জীবন, সমাজসেবা এবং এলাকার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, নাসিম উদ্দিনের চলে যাওয়া স্থানীয় সমাজ ও গ্রন্থাগার আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস রিপন, মরিয়ম বেগম, আয়েশা সিদ্দিকা, মো. তছলিম উদ্দিন, তানজিরুল ইসলাম তামিম এবং গণ উন্নয়ন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ ইয়ামিন।
এছাড়াও ‘নিজেরা করি’ সংস্থার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, রামগতি উপজেলা এনজিও সমন্বয়ক শাহরিয়ার কাজলসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজকর্মী ও সুধীজন ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুম নাসিম উদ্দিনের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।