আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে স্থানীয়দের মুখে মুখে সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি বিশিষ্ট জুট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আলম বাবু। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
উপজেলার পাইকপাড়া গ্রামের মরহুম আব্দুস ছাত্তার প্রামাণিকের সন্তান নুর আলম বাবু এবার ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর থেকেই স্থানীয় চা-স্টল, হাট-বাজার, বিভিন্ন সামাজিক আড্ডা এবং সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই তার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং বছরের পর বছর নিজস্ব উদ্যোগে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে আসছেন নুর আলম বাবু। বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তা চলাচলের উপযোগী করতে মাটি ভরাট, মসজিদে আর্থিক সহযোগিতা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ডে তাকে নিয়মিত দেখা যায়।
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণ, স্থানীয় টুর্নামেন্ট আয়োজন এবং বিশ্বকাপ ফুটবল উপভোগের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করে তিনি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এলাকার একাধিক বাসিন্দা জানান, শুধু নির্বাচনের সময় নয়, বছরের বিভিন্ন সময়ই নুর আলম বাবুকে মানুষের সুখ-দুঃখে পাশে পাওয়া যায়। কারও চিকিৎসার জন্য সহযোগিতা, শিক্ষার্থীদের সহায়তা কিংবা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজন—সাধ্য অনুযায়ী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ কারণেই সাধারণ মানুষের একটি বড় অংশ তার প্রার্থিতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে নুর আলম বাবু বলেন, “জনগণের সেবা করার আন্তরিক ইচ্ছা থেকেই আমি নির্বাচন করতে চাই। ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়; মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াও একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যেতে চাই।”
এদিকে, ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা তুঙ্গে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, ব্যবসায়িক সততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাকে নির্বাচনী মাঠে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
সব মিলিয়ে, দুর্গানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আগাম নির্বাচনী আবহ ইতোমধ্যেই প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। সম্ভাব্য প্রার্থীদের নানা তৎপরতার মধ্যে বিশিষ্ট জুট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আলম বাবুর নাম এখন স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।