মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত খালের পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং কৃষকের স্বার্থ রক্ষায় আজ মঙ্গলবার (৭ মে) সরেজমিনে খাল পরিদর্শন করেছেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উক্ত এলাকায় নবসংস্কারকৃত খালের স্বপন মার্কেটের পূর্ব পাশের অংশে পাকা সড়ক পর্যন্ত খননকাজ সম্পন্ন হলেও পরবর্তী অংশে জমি-সংক্রান্ত জটিলতার কারণে খাল সংস্কারের কাজ বন্ধ হয়ে যায়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সামাজিক বিতর্কেরও সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত কৃষক, বসতবাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভারী বর্ষণের কারণে খালের পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে আমন ধানের বীজতলা তৈরির মৌসুম হওয়ায় কৃষকেরা চরম উদ্বেগে রয়েছেন। এছাড়া জলাবদ্ধতার কারণে কয়েকটি বসতবাড়িতে ইতোমধ্যে পানি প্রবেশ করেছে। আরও ভারী বৃষ্টিপাত হলে কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের উদ্যোগে স্বপন মার্কেট সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেংমং রাখাইন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
আলোচনায় কৃষিজমির পানি দ্রুত নিষ্কাশনের জন্য বক্স কালভার্ট বা ইউ-ড্রেন নির্মাণের সম্ভাব্যতা, খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনঃস্থাপন এবং এমন একটি সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে একদিকে কৃষকের স্বার্থ রক্ষা হয়, অন্যদিকে স্থানীয় বসতবাড়ি ও ব্যক্তিগত সম্পদেরও কোনো ক্ষতি না হয়।