এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লোডশেডিং পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেছেন, বর্তমান সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদে লোডশেডিং নেই বলে দাবি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর মাইজদীতে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালের নির্বাচনেও ভোট জালিয়াতি হয়েছে। আগের বার নির্বাচনের আগে তা করা হলেও, এবার ভোটের ফল প্রকাশের পর করা হয়েছে। গত জুলাই বিপ্লবের পর মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের আশা করেছিল, কিন্তু বিএনপি সেই জনগণের রায় চুরি করেছে।
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা কোনো সংস্কার করা সম্ভব নয়। আপনারা যদি জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংস্কার করতে চান, তবে আপনারা ভুল পথে আছেন।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি, কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও এখন পর্যন্ত দেখা যায়নি।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।