সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (ACCEFS) প্রকল্পের আওতায় বৃষ্টির পানির সংরক্ষণ ট্যাংক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আশাশুনি উপজেলা প্রকল্প কার্যালয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের ম্যানেজার ওবায়দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু ।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অ্যাডমিন অফিসার পিনাক সরকার, মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, ফিল্ড ফ্যাসিলিটেটর আবু জাহিদ, মোস্তফা কামাল, তাপস সরকার, সালেহা খাতুনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে এসআরজি (SRG) দলের ৪৫ জন সদস্যের মাঝে বৃষ্টির পানির সংরক্ষণ ট্যাংক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। সাসের এ ধরনের কার্যক্রম মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপকারভোগীদের ট্যাংকগুলো যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে পরিবার ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।”
সভাপতির বক্তব্যে প্রকল্পের ম্যানেজার ওবায়দুল হক বলেন, প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি নিরাপদ পানি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায়নের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সাস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।