এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে উপজীব্য করে নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ এবং করণীয় নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা নোয়াখালীর উন্নয়নে একটি সমন্বিত রূপরেখা তৈরির ওপর জোর দেন। বক্তারা বলেন, নোয়াখালীকে প্রকৃত অর্থে সম্ভাবনার জেলায় রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। একইসঙ্গে নদীভাঙন রোধসহ দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য আবু নাছের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে দেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।