আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭ নম্বর তমরদ্দি ইউনিয়নের মজুমদারপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী হরিদাস বাবাজীর সেবাশ্রমে পার্থ সারথি গীতা শিক্ষা একাডেমি-৩০ এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গীতা কুইজ প্রতিযোগিতা-২০২৬। ধর্মীয় জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি ডা. সজিব রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গীতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি ডা. ছোটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ধর এবং পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন, হাতিয়া উপজেলা কমিটির উপদেষ্টা ও নাগরিক টিভির সাংবাদিক উত্তম সাহা। অতিথিরা আয়োজকদের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট, পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন, হাতিয়া উপজেলা কমিটি, ৭ নম্বর তমরদ্দি ইউনিয়ন হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, স্থানীয় মন্দির কমিটির সদস্যবৃন্দ, সুধীজন, অভিভাবক এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্থ সারথি গীতা শিক্ষা একাডেমি-৩০ এর পরিচালক শ্রী তিমিরকান্তি মজুমদার। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন একাডেমির অন্যতম পরিচালক শ্রী আশীষ মজুমদার।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায়, শ্লোক ও নৈতিক শিক্ষাভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের মেধা, জ্ঞান ও প্রস্তুতির পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে গীতার আদর্শ, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সনাতন ধর্মীয় সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করতে পার্থ সারথি গীতা শিক্ষা একাডেমি-৩০ ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, পাঠচক্র ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত রাখবে।